কোম্পানি সনদ পেলো স্টার্টআপ বাংলাদেশ

১৬ মার্চ, ২০২০ ২০:৩৪  
পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে তালিকাভূক্ত হলো স্টার্টআপ বাংলাদেশ। সোমবার (১৬ মার্চ) যৌথমূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে এই সনদ দেয়া হয়েছে। ১৯৯৪ সালের আইনের ১৮ ধারার অধীনে সনদপ্রাপ্ত এই সরকারি ভেঞ্চার ক্যাপিটেল কোম্পানির সনদ নম্বর সি-১৬০৩৭০/২০২০। এর আগে গত ১৯ আগস্ট মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এই কোম্পানির নীতিগত অনুমোদন প্রদান করা হয়। পরবর্তীতে, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক কোম্পানিটির আইনগত বিষয়সমূহের খুঁটিনাটি যাচাইপূর্বক অনুমোদন দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ৩০ ডিসেম্বর ৫০০ কোটি টাকা মূলধন নিয়ে মন্ত্রিসভায় কোম্পানিটি চূড়ান্ত অনুমোদন পায়। প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টার পরামর্শে কোম্পানিটি গঠনের শুরু থেকেই এর সঙ্গে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক।